কক্সবাজারের টেকনাফ উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কেরুনতলী এলাকায় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ভেতরে থাকা ছয়জন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করেন। পরে সিএনজিচালক এনায়েত উল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় উখিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত এনায়েত উল্লাহ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে।
দুর্ঘটনায় আহত অন্য পাঁচজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সিএনজি যাত্রী চাপানবাবগঞ্জের সজীব। আহতদের মধ্যে রয়েছেন উখিয়ার পালংখালী ৮নং ওয়ার্ডের ফারিরবিল এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে হেলাল উদ্দিন (৩২), কক্সবাজারের রামুর নুরুল আবছার, রুজিনা আক্তার ও মনোয়ারা বেগম। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





