মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অবৈধ বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার দায়ে তিন নিয়োগকর্তাকে মোট ২ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করা হয়েছে। অভিবাসন বিভাগের একটি বিশেষ অভিযানের পর তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ৮ সেপ্টেম্বর সুঙ্গাই পেতানি এলাকায় ওই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৪০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ১৬ জন মিয়ানমারের নাগরিক এবং ১ জন ইন্দোনেশীয় রয়েছেন। আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে তদন্ত শেষে ওই তিন নিয়োগকর্তাকে এই জরিমানা করা হয়।

কেদাহ অভিবাসন বিভাগ উল্লেখ করেছে, তাদের এই তৎপরতা কেবল অবৈধ অভিবাসীদের আটকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যাঁরা অননুমোদিত অভিবাসীদের চাকরি দেবেন, আশ্রয় দেবেন, লুকিয়ে রাখবেন কিংবা কর্মস্থলে অবস্থানের সুযোগ করে দেবেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দেশের অভিবাসন আইন মেনে চলার জন্য সব প্রতিষ্ঠান মালিক ও নিয়োগকর্তার প্রতি কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।